
প্রথম কোয়ার্টারে দুই দল সমানে সমান। দ্বিতীয় কোয়ার্টারে এগিয়ে গেল বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে ফের হলো দারুণ লড়াই। এগিয়ে থেকে চতুর্থ ও শেষ কোয়ার্টার শুরু করা বাংলাদেশকে আর আটকাতে পারল না কাজাখস্তান। জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দুই হারের পর, প্রথম জয়ের স্বাদ পেলেন মাহাদী-তায়েবরা। তিনজিয়ানে শুক্রবার পুল-বি এর ম্যাচে গতকাল মঙ্গলবার ৪-২ গোলে জিতেছে বাংলাদেশ। বিজয়ীদের হয়ে জালের দেখা পান শিমুল ইসলাম, মাহাদী হাসান, তায়েব আলি ও মুন্না ইসলাম। চীনের বিপক্ষে ৩-২ গোলে হেরে প্রতিযাগিতা শুরুর পর, ৪-২ গোলে মালয়েশিয়ার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয় বাংলাদেশের। তৃতীয় মিনিটেই শিমুলের হিটে গোলকিপার পরাস্ত হলে এগিয়ে যায় তারা। চার মিনিট পরই অবশ্য সমতায় ফিরে কাজাখস্তান। দ্বিতীয় কোয়ার্টারে দাপুটে খেলে ফের এগিয়ে যায় বাংলাদেশ।