
ইন্দোনেশিয়ার মাটিতে অপেক্ষা করছে তিন ম্যাচের তিন রকম পরীক্ষা। প্রথমে মালয়েশিয়া, এরপর সিঙ্গাপুর, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়া। ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ বাংলাদেশের পথটা এমনই। গতকাল বুধবার প্রকাশিত সূচিতে 'এ' গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে এই তিন দল। লাল-সবুজের অভিযানের শুরু হবে ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৪ দল নিয়ে দুটি বিভাগে আয়োজিত হতে যাওয়া এই প্রতিযোগিতায় বাংলাদেশ পড়েছে এমন এক গ্রুপে, যেখানে প্রতিটি ম্যাচই আলাদা গল্প লিখতে পারে। ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা দল ইন্দোনেশিয়া। তাদের র্যাঙ্কিং ১১৮, বাংলাদেশের ১৮১। মালয়েশিয়া ১৩৬ এবং সিঙ্গাপুর ১৪৮ নম্বরে। ফলে কাগজে-কলমে গ্রুপের শেষ ম্যাচটিই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হওয়ার অপেক্ষায়। তবে সেই পরীক্ষার আগে নিজেদের জায়গাটা শক্ত করার সুযোগ থাকবে টমাস ডুলির দলের সামনে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে শুরু হবে আসর। তিন দিন পর, ২৮ সেপ্টেম্বর একই সময়ে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এরপর ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে গ্রুপ পর্বের লড়াই। বাংলাদেশের জন্য স্বস্তির একটি বিষয়, তিনটি ম্যাচই হবে একই ভেন্যুতে। জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামেই মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে তারা। এক ম্যাচ থেকে আরেক ম্যাচে ভেন্যু বদলের ধকল সামলাতে হবে না ডুলির দলকে। আসন্ন লড়াইয়ের প্রস্তুতি অবশ্য এরই মধ্যে শুরু হয়ে গেছে। চলছে বাংলাদেশের ক্যাম্প। কিন্তু ক্যাম্পে দলের সব পরিচিত মুখকে একসঙ্গে পাচ্ছেন না প্রধান কোচ টমাস ডুলি। হামজা চৌধুরী ও শেমিত সোমের মতো প্রবাসী ফুটবলাররা এখনো প্রস্তুতি ক্যাম্পে নেই।