
গত আসরের ফেডারেশন কাপের দুই ফাইনালিস্ট বসুন্ধরা কিংস ও মোহামেডান এবার শিরোপার লড়াই শুরু করবে একই গ্রুপে থেকে। ২০২৪-২৫ মৌসুমের ফাইনালে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে ফেডারেশন কাপের ড্রয়ে বি- গ্রুপে জায়গা পেয়েছে দেশের ফুটবলের অন্যতম দুই পরাশক্তি। গতকাল শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হয় ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপের ড্র।
রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী পড়েছে এ- গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে ফর্টিজ এফসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও চট্টগ্রাম সিটি।
এ- গ্রুপে আবাহনীর সামনে তুলনামূলক সহজ সমীকরণ। প্রতিপক্ষদের মধ্যে শুধু ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জের রয়েছে ফেডারেশন কাপের ফাইনাল খেলার অভিজ্ঞতা। ব্রাদার্স ইউনিয়ন সবশেষ ২০১৫ সালে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল। আর রহমতগঞ্জ সর্বশেষ ফাইনালে খেলেছিল ২০২১-২২ মৌসুমে। অন্য দলগুলোর কেউ এখনো ফেডারেশন কাপের ফাইনালে উঠতে পারেনি। আবাহনী সবশেষ ২০২১-২২ মৌসুমে ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল। এরপর দুইবার ফাইনালে উঠলেও ট্রফি ঘরে তুলতে পারেনি তারা। ২০২২-২৩ মৌসুমে মোহামেডানের কাছে এবং ২০২৪-২৫ মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে হেরে রানার্সআপ হয় আকাশি-নীলরা।
অন্যদিকে বি- গ্রুপে কিংস ও মোহামেডানের সঙ্গে রয়েছে বাংলাদেশ পুলিশ এফসি, পিডব্লিউডি স্পোর্টস ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ফেডারেশন কাপে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। তাদের সর্বশেষ শিরোপা আসে ২০২২-২৩ মৌসুমে। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঝুলিতে রয়েছে পাঁচটি শিরোপা। ফলে বি- গ্রুপে শুরু থেকেই দুই জায়ান্টের লড়াই বাড়তি উত্তাপ ছড়াবে। এই গ্রুপে আরামবাগ ক্রীড়া সংঘ তিনবার ফাইনালে উঠলেও সর্বশেষ ফাইনাল খেলেছে ২০১৬ সালে। ঢাকা ওয়ান্ডারাসের একমাত্র ফাইনাল উপস্থিতি ১৯৮৭ সালে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে ২০২৬-২৭ মৌসুমের ফেডারেশন কাপ শুরু হওয়ার কথা রয়েছে। গ্রুপ পর্বেই কিংস-মোহামেডানের লড়াই থাকায় টুর্নামেন্টের শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকবে তুঙ্গে।