
ঢাকা মহানগরীর খো খো ক্লাব কাপের পুরুষ বিভাগে সেলিম স্পোর্টিং ক্লাব এবং মেয়েদের বিভাগে গ্লোবাল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। দুই বিভাগেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। গতকাল শনিবার পল্টন ময়দানে বাংলাদেশ খো খো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী প্রতিযোগিতার ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দুই দল। পুরুষ বিভাগে রানার্সআপ হয়েছে পুলিশ ক্লাব।
নারী বিভাগে রানার্সআপের ট্রফি পেয়েছে নিউক্লিয়াস ক্লাব। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান।
বাংলাদেশ খো খো ফেডারেশনের সভাপতি এএইচএম জিয়াউল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন ফকির, সহসভাপতি ফজলুর রহমান বাবুল এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মতিউর রহমান বাবুল। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর ২৬টি পুরুষ ও ২০টি নারী দল অংশ নেয়। সব মিলিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ৬৪৪ জন খেলোয়াড়।