ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা

ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন,আগামী ৫ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। গতকাল শুক্রবার রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হওয়া ছয় দিনব্যাপী '৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬' এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

এবারের আসরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দল (জেলা, বিভাগ, শিক্ষাবোর্ড বিশ্ববিদ্যালয় ও সংস্থা) থেকে রেকর্ডসংখ্যক ৬১৬ জন শাটলার অংশ নিয়েছেন, তাদের মধ্যে ৫৩৫ জন পুরুষ এবং ৮১ জন নারী খেলোয়াড়। প্রতিযোগিতায় মোট ১০ লাখ টাকা প্রাইজমানির পাশাপাশি সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে একটি ইলেকট্রিক বাইক রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ব্যাডমিন্টন খেলার প্রসার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ''জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে এত বেশি খেলোয়াড়ের অংশগ্রহণ দেশের ইতিহাসে এক ইতিবাচক মাইলফলক এবং এর কৃতিত্ব খেলোয়াড়দের।'' প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো— শুধু ঢাকাকেন্দ্রিক বা শীতকালীন খেলায় সীমাবদ্ধ না থেকে দেশের প্রতিটি জেলার আনাচে-কানাচে, পাড়ায় ও মহল্লায় সারা বছর ধরে ব্যাডমিন্টনসহ অন্যান্য খেলাধুলা ছড়িয়ে দেওয়া। এজন্য ব্যাডমিন্টন ফেডারেশনের প্রতিটি জেলায় আলাদা কমিটি গঠন করে নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে সমগ্র বাংলাদেশে 'নতুন কুড়ি স্পোর্টস' কার্যক্রমের উদ্বোধন করা হবে, যার মধ্যে ব্যাডমিন্টনও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আগামী জানুয়ারি মাস থেকে ব্যাডমিন্টন, ফুটবল, হকি, আর্চারী, শুটিংসহ বিভিন্ন সিলেক্টিভ ইভেন্টে বছরব্যাপী ট্রেনিং কার্যক্রম শুরু হবে।

খেলার আন্তর্জাতিক মানোন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ''আগামী ৫ বছরের মধ্যে ব্যাডমিন্টনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। দেশের মাটিতে কমপক্ষে তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এবং বিদেশ থেকে দল আমন্ত্রণের পাশাপাশি আমাদের খেলোয়াড়রা বিদেশে গিয়েও অংশ নেবেন, যা খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও কনফিডেন্স লেভেল বহুগুণ বাড়িয়ে দেবে।''

সংগঠক ও খেলোয়াড়দের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ''খেলাধুলায় হার-জিত থাকতেই পারে, তাই হেরে গেলে মন খারাপ করে সবকিছু থেকে দূরে সরে না গিয়ে জয় অর্জনের লক্ষ্য নিয়ে দেশপ্রেম ধারণ করে খেলা চালিয়ে যেতে হবে।'' অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খাঁন। এ ছাড়া ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমানসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত