ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

মিরপুর টেস্ট দেখতে টিকিট লাগবে না

মিরপুর টেস্ট দেখতে টিকিট লাগবে না

টেস্ট ক্রিকেটে দর্শকখরা নতুন কোনো চিত্র নয়! দীর্ঘ পাঁচ দিনের খেলা, ধীরগতির লড়াই কিংবা মাঠে বসে খেলা দেখার অনাগ্রহ-সব মিলিয়ে সাদা পোশাকের ক্রিকেটে গ্যালারি প্রায়ই থাকে ফাঁকা। সেই চিত্র বদলাতে এবার একটু ভিন্ন পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দর্শকদের জন্য খুলে দেওয়া হচ্ছে গ্যালারির দরজা, যেখানে খেলা দেখতে লাগবে না কোনো টিকিট। আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই ম্যাচের পাঁচ দিনই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে বসে খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। টিকিট কেনার ঝামেলা ছাড়াই প্রিয় দলকে মাঠে বসে সমর্থন জানানোর সুযোগ থাকছে সবার জন্য।

বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিসিবি। তবে স্টেডিয়ামের সব গ্যালারির জন্য এই সুবিধা প্রযোজ্য নয়। গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে হলে যথারীতি টিকিট সংগ্রহ করতে হবে। এর আগে বিভিন্ন বিশেষ উপলক্ষে শিক্ষার্থী কিংবা নির্দিষ্ট শ্রেণির দর্শকদের বিনা মূল্যে মাঠে প্রবেশের সুযোগ দিয়েছিল বিসিবি। তবে এবার ব্যতিক্রম হলো, কোনো বিশেষ পরিচয় বা শ্রেণির সীমাবদ্ধতা ছাড়াই সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে এই সুযোগ। শুধু দর্শক ফেরানো নয়, বাংলাদেশের জন্য এই সিরিজের গুরুত্বও কম নয়। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি ম্যাচই পয়েন্ট টেবিলের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফাইনালের দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করতে হলে ঘরের মাঠে ভালো ফলের বিকল্প নেই।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে আগামী ৫ নভেম্বর। ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত