অনলাইন সংস্করণ
১৫:১৪, ১৬ এপ্রিল, ২০২৬
রাজধানীতে ছিনতাইয়ের একটি ঘটনা প্রতিরোধ করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ সময় ভুক্তভোগীর ছিনতাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১২টার দিকে শেরেবাংলানগর থানার অধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ এলাকায় টহল ডিউটির সময় ঘটনাটি ঘটে।
দায়িত্ব পালনকালে আনসার সদস্য পিসি মো. সাদেক হোসেন বাচ্চু এবং এপিসি মো. রাজিব হোসেন ঘটনাটি দেখতে পান।
এ সময় এক ব্যক্তি এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে কর্তব্যরত সদস্যরা দ্রুত ধাওয়া করে তাকে আটক করেন। আটক ব্যক্তির নাম রাজিবুল ইসলাম বলে জানা গেছে। তার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়।
পরে তার কাছ থেকে উদ্ধার করা দুটি স্বর্ণের কানের দুল তাৎক্ষণিকভাবে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপ ও দায়িত্বশীল ভূমিকা জননিরাপত্তা নিশ্চিতকরণে তাদের কার্যকর উপস্থিতির প্রমাণ দিয়েছে।
তাদের এমন তৎপরতা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বাড়িয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা আরও দৃঢ় করেছে।