ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

পূর্ব শত্রুতার জেরে কৃষকের বাগান ধ্বংস, লাখ টাকার ক্ষতি

পূর্ব শত্রুতার জেরে কৃষকের বাগান ধ্বংস, লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এক রাতেই ধ্বংস হয়ে গেল এক কৃষকের দীর্ঘ চার বছরের পরিশ্রমে গড়ে তোলা স্বপ্নের বাগান। পূর্ব শত্রুতার জেরে পেয়ারাতলা গোরস্থান মাঠে অবস্থিত একটি ড্রাগন ফলের বাগানের প্রায় ১৩ শ' গাছ গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত কৃষক মো. রিপন মুন্সির দাবি, তার অন্তত পাঁচ থেকে ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত রিপন মুন্সি পেয়ারাতলা গ্রামের বাসিন্দা এবং গোলাম রসুলের ছেলে।

তিনি জানান, প্রায় চার বছর ধরে অমানুষিক পরিশ্রমে গড়ে তোলা বাগানটি এক রাতেই শেষ করে দেওয়া হয়েছে। শুধু গাছ নয়, তার স্বপ্ন, শ্রম আর ভবিষ্যৎ পরিকল্পনাও যেন একসঙ্গে কেটে ফেলা হয়েছে।

বাগানের কর্মচারী মতিন বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি, ১৩ শ' গাছ গোড়া থেকে কাটা। পুরো বাগান ধ্বংস হয়ে গেছে। এমন দৃশ্য দেখে আমরা হতবাক হয়ে যাই।

ঘটনার পেছনে পূর্ব শত্রুতার ইঙ্গিত দিয়েছেন ভুক্তভোগী কৃষক। তিনি অভিযোগ করে বলেন, ঘটনার কয়েকদিন আগে পেয়ারাতলা গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের ফারুকের ছেলে সাব্বির আমাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল, আমি নাকি তার মামাকে আটকে রেখেছি, এর ফল আমাকে ভোগ করতে হবে।

রিপন মুন্সি জানান, সাব্বিরের মামা নাজমুলকে কয়েকদিন আগে টাকা লেনদেন সংক্রান্ত একটি ঘটনায় আটক করা হয়েছিল। পরে পরিবারের সদস্যরা জামিনে তাকে ছাড়িয়ে নেয়। সেই ঘটনার জের ধরেই পরিকল্পিতভাবে তার বাগান কেটে নষ্ট করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, আমি প্রায় ২০ বিঘা জমিতে ড্রাগনসহ বিভিন্ন ফলের বাগান করেছি। এখানে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করে। এই বাগানের ওপর অনেক পরিবারের জীবিকা নির্ভর করে। এই ক্ষতি শুধু আমার একার নয়, অনেক মানুষের রুটি-রুজির ওপর আঘাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেয়ারাতলা এলাকায় কয়েকশো বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ হচ্ছে। এ ধরনের ঘটনা এলাকায় চাষিদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে, ঘটনার বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, আমি বর্তমানে চুয়াডাঙ্গায় একটি জরুরি মিটিংয়ে আছি। তবে আমি ঘটনাটি শুনেছি। থানায় ফিরে বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত কৃষক রিপন মুন্সি জীবননগর থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি দ্রুত সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

লাখ টাকার ক্ষতি,কৃষকের বাগান ধ্বংস,পূর্ব শত্রুতার জের
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত