
টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নাইম হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার(২৫ মার্চ) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাইম রামদেবপুর গ্রামের ওসমান আলীর ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, কবরস্থানের জমি নিয়ে প্রায় আড়াই মাস ধরে সওদাগর বংশের সঙ্গে মন্ডল ও সিদকার বংশের লোকজনের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে এবং স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও বিরোধ মীমাংসা হয়নি। এমনকি গত ঈদেও দুই পক্ষ আলাদা আলাদা ঈদের নামাজ আদায় করে। মঙ্গলবার রাতে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে নাইমসহ অন্তত ছয়জন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিক আজম জানান, গোরস্তানের জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।