ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে শিশুসহ ২ জনকে কুপিয়ে হত্যা, পুলিশের বিশেষ অভিযান

সিরাজগঞ্জে শিশুসহ ২ জনকে কুপিয়ে হত্যা, পুলিশের বিশেষ অভিযান

সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকায় দুইজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম আলোকিত বাংলাদেশকে জানান, শাহজাদপুর উপজেলার মাজ্জান গ্রামে দুই ভাই আব্দুল হামিদ সরদার ও ফারুক সরদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে বিরোধপূর্ণ জমিতে মাটিকাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে এ সংঘর্ষে বড় ভাই আব্দুল হামিদ সরদারের পাঁচ বছরের শিশু পুত্র হৃদয়কে কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যায়। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই শিশুর লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এদিকে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের আহসানের ছেলে রিপন মিয়া (৪৫) তার স্ত্রী নিয়ে বুধবার সন্ধ্যা রাতে শ্বশুরবাড়ি তাড়াশের মহিষলুটি গ্রামে আসে। স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে রিপন মিয়া মিষ্টি কেনার জন্য স্থানীয় বাজারে যায়। মধ্যরাত পর্যন্ত সে আর ফিরে না আসায় শ্বশুরবাড়ির লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধান মেলেনি। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই এলাকার একটি ধানক্ষেতের মধ্যে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে। দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যার পর ধানক্ষেতে তার লাশ ফেলে রেখে যায়। তবে কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনও জানা যায়নি।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। ইতোমধ্যেই বিশেষ অভিযান শুরু হয়েছে বলে জানান ওই দুই পুলিশ কর্মকর্তা।

সিরাজগঞ্জ,শিশু,কুপিয়ে হত্যা,বিশেষ অভিযান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত