ঢাকা শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

‘জাস্ট স্পিড অ্যান্ড গোন’ ফেসবুকে লিখে চিরতরে চলে গেলেন মাহিন

‘জাস্ট স্পিড অ্যান্ড গোন’ ফেসবুকে লিখে চিরতরে চলে গেলেন মাহিন

“যাস্ট স্পিড এন্ড গন” (শুধু গতি এবং শেষ)—সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শেষ স্ট্যাটাসে ঠিক এই কথাটিই লিখেছিলেন শাহরিয়ার মাহিন (২৩)। নিয়তির কী নিষ্ঠুর পরিহাস, গতির সেই মোটরসাইকেলেই চিরতরে চলে গেলেন তিনি। কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই তরুণ।

নিহত শাহরিয়ার মাহিন ঈশ্বরগঞ্জের রেণু মিয়ার ছেলে। তিনি এক ভাই ও এক বোনের মধ্যে একমাত্র ছেলে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার ১নং সদর ইউনিয়নের সিরাজ চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। মাহিনের মোটরসাইকেলটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাহিনের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তার ফেসবুকের শেষ স্ট্যাটাসগুলো দেখে স্তব্ধ হয়ে গেছেন সবাই। মাত্র দুদিন আগেই তিনি লিখেছিলেন, “ম্যায় চাহতাহুঁ কি এক দিন মেরে সাথ মেরে দুখ ভি খো জায়েঁ” (আমি চাই একটা দিন আমার সাথে আমার দুঃখগুলোও হারিয়ে যাক)। আর আজ দুর্ঘটনার কিছু সময় আগে তিনি লেখেন, “যাস্ট স্পিড এন্ড গন।”

গতির নেশা আর দুঃখ বিলীনের এই আকুতি যে তাকে এভাবে চিরতরে কেড়ে নেবে, তা ভাবতেও পারছেন না তার বন্ধু ও পরিচিতরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তীব্র শোকের ছায়া।

একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। এক ভাই ও এক বোনের সংসারে মাহিনের এই আকস্মিক চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবার ও এলাকাবাসী। এলাকায় এখন শুধুই কান্নার রোল।

চলে গেলেন মাহিন,ফেসবুক,জাস্ট স্পিড অ্যান্ড গোন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত