
ভারতের উজানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি আবারও বৃদ্ধি পেয়েছে। বুধবার (৯ জুলাই) নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল ও কৃষিজমিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীপাড়ের মানুষের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি দ্রুত বাড়ছে।
পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন করা যায়। একই সঙ্গে নদীর পানি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইতোমধ্যে তিস্তা তীরবর্তী বিভিন্ন চরাঞ্চল ও নিচু এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। অনেক স্থানে কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি আরও বাড়লে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলের ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ডালিয়া পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীতীরবর্তী নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে স্থানীয় প্রশাসন জানিয়েছে, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।