ঢাকা সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিরোধী দল আবারও আগের ভূমিকায় ফিরছে, রংপুরে মির্জা ফখরুল

বিরোধী দল আবারও আগের ভূমিকায় ফিরছে, রংপুরে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, দেশের একটি বিরোধী দল আবারও অতীতের মতো নেতিবাচক রাজনৈতিক ভূমিকা পালন শুরু করেছে। তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় যেভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়া হতো, বর্তমান বিরোধী দলও একই ধরনের ভাষা ব্যবহার করছে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসন শেষে দেশ গঠনের সুযোগ এসেছে। ফ্যাসিস্ট সময়ে ৬০ লাখ মানুষের নামে মামলা, ২০ হাজার মানুষকে হত্যা ও ১ হাজার ৭০০ মানুষকে গুম করা হয়েছে। দেশে এখন সেই পরিস্থিতি নেই।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত ‘সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বীকরণ প্রকল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, “আমাদের একটা বিরোধী দল আছে। দুর্ভাগ্যক্রমে তারা আবার সেই আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে। হাসিনা যে ভাষায় কথা বলতো, তারাও সেই ভাষায় কথা বলছে। করতে দিবো না, চলতে দিবো না, শেষ করতে দিবো না। এ ধরনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও সংকটে থাকা প্রশাসনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা চলছে। তবে এত বড় একটি ব্যবস্থাকে স্বল্প সময়ে পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়।

বিএনপি মহাসচিব বলেন, “চার-পাঁচ মাসে অনেক পরিবর্তন হয়েছে। একটি ধ্বংসপ্রাপ্ত ও বিপর্যস্ত প্রশাসনকে ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এত দ্রুত সবকিছু করা সম্ভব নয়। আমাদের কারও হাতে কোনো জাদুর চেরাগ নেই যে রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসন, স্থানীয় সরকার ব্যবস্থা এবং জনসেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জনমুখী করতে ধারাবাহিক উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সময় ও সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে রংপুরের লোক জামায়াত-জাতীয় পার্টি করে, তাহলে কেমনে হবে, তাহলে কিভাবে পাবেন। তাছাড়া আমাদের এই এলাকার মানুষের উদ্যোগ নাই। ঝুঁকি নিতে জানে না, নতুন কিছু উদ্যোগ নিবে, এমন কিছু করে না। রংপুরের মানুষকে নিজ পায়ে দাঁড়াতে হবে। রংপুরের উন্নয়ন বিষয়ে কাজ করতে হবে। তাহলে রংপুরের উন্নয়ন সম্ভব।’

লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

এ সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে রংপুর অঞ্চলের ২৫ জন সুবিধাবঞ্চিত ব্যক্তির মাঝে ২৫টি চা ঘর হস্তান্তর করা হয়।

রংপুরে মির্জা ফখরুল,আগের ভূমিকা,বিরোধী দল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত