
বর্তমান শিক্ষা ব্যবস্থা সামাজিক ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না; দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি আদর্শ সমাজ গড়ে তুলতে হবে। এ জন্য আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর শিক্ষা প্রয়োজন। আল-কোরআন ও হাদিস শিক্ষা গ্রহণ করা ফরজ।
শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নোয়াখালী জেলা সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খাইরুল আহসান মারজান, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সোনাইমুড়ী উপজেলা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।