ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

রমেক হাসপাতালে সিন্ডিকেট বন্ধে হবে পুলিশ ক্যাম্প: রাশেদ খান

রমেক হাসপাতালে সিন্ডিকেট বন্ধে হবে পুলিশ ক্যাম্প: রাশেদ খান

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট ও দৌরাত্ম্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। এসব বন্ধে প্রশাসনের সহযোগিতায় হাসপাতালে পুলিশের ক্যাম্প স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রমেক হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে কমিশনার তাকে জানিয়েছেন।

রাশেদ খান বলেন, হাসপাতাল ক্যাম্পাসের সীমানার আশপাশে মাদকের ব্যবহার ও সিন্ডিকেট বন্ধে পুলিশ কাজ করবে। আরও সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে বা সিন্ডিকেট তৈরি করে রোগী ও স্বজনদের হয়রানি করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। এ দুটি খাতে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছেন।

রাশেদ খান আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি পর্যায়ে পৌঁছাবে, যাতে রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এই অঞ্চলের মানুষ আধুনিক চিকিৎসাসেবা রমেক হাসপাতাল থেকেই পাবেন।

এর আগে সকালে রমেক হাসপাতালের বার্ন ইউনিটসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন রাশেদ খান। সেখানে চিকিৎসাসেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

রাশেদ খান,পুলিশ ক্যাম্প,সিন্ডিকেট বন্ধ,রমেক হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত