
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের আ. লতিফ ধাবকের ছেলে শফিক মাহমুদ ধাবক (৪৩), মৃত আব্বাস আলীর ছেলে আমিনুর রহমান (৫২) এবং মৃত ইয়াকুব আলীর ছেলে বজলুর রহমান (৫০)। তারা সবাই শার্শা উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শার্শা থানার মামলা নম্বর-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারার মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, আটক শফিক মাহমুদ ধাবক শার্শা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনুর রহমান লক্ষণপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং বজলুর রহমান ডিহি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিদের যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।