ঢাকা সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৫ আগস্ট জাবিতে ক্লাস-অফিস বন্ধ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

৫ আগস্ট জাবিতে ক্লাস-অফিস বন্ধ, দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের স্মৃতি ধারণ, এর স্পিরিট লালন এবং ৫ আগস্ট ফ্যাসিস্ট রেজিমের পতন দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। একই সঙ্গে ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ ও বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রশাসনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকাল সাড়ে ৫টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) আয়োজনে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে।

একই দিন সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের পর আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হবে।

পরদিন ৬ আগস্ট বিকেল ৩টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘জুলাই-২৪ গণ-অভ্যুত্থানের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ শীর্ষক স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ সময় জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হবে।

এ ছাড়া ৬ আগস্ট সন্ধ্যা ৭টায় সেলিম আল-দীন মুক্তমঞ্চে কণ্ঠশিল্পী আসিফ আকবরের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অফিস আদেশে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীকে এসব কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে।

কর্মসূচি ঘোষণা,দুই দিনব্যাপী,ক্লাস-অফিস বন্ধ,জাবি,৫ আগস্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত