অনলাইন সংস্করণ
১৩:২৫, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতীয় অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লুধিয়ানা আদালত। ১০ লাখ রুপির জালিয়াতি মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় এ আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) লুধিয়ানা আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রমনপ্রীত কৌর এ পরোয়ানা জারি করেন। অভিনেতাকে গ্রেপ্তারের জন্য আদালত মুম্বাইয়ের ওশিওয়ারা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে।খবর ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের।
মামলার বাদী লুধিয়ানার আইনজীবী রাজেশ খান্না। তার অভিযোগ, মূল অভিযুক্ত মোহিত শুক্লা তাকে জাল "রিজিকা কয়েন" বিনিয়োগের প্রলোভন দেখান। আদালত সোনু সুদকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করলেও তিনি হাজির হননি।
এ বিষয়ে সোনু সুদ বলেছেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তথ্য অতিরঞ্জিত হয়েছে। আমাকে শুধু সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছিল। আমার এই ঘটনার সঙ্গে কোনো সরাসরি সংযোগ নেই। আমার আইনজীবী শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দেবেন।"