অনলাইন সংস্করণ
১৫:০৫, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
ভারতের সঙ্গীতজগতের দুই কিংবদন্তি লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের ব্যক্তিগত জীবনের কিছু অজানা তথ্য সামনে এলো। সম্প্রতি অমৃতা রাও এবং আরজে আনামোলের পডকাস্টে আশা ভোঁসলে জানান, তিনি এবং তার দিদি লতা মঙ্গেশকর সবসময় সাদা শাড়ি পরতেন। তাদের ধারণা ছিল, সাদা রঙ তাদের গায়ের রঙের সঙ্গে মানানসই।
আশা বলেন, ‘‘আমরা সবসময় সাদা শাড়ি পরতাম। আমাদের মনে হতো, সাদা রঙ আমাদের গায়ের রঙের সঙ্গে একেবারে মানানসই। তবে পরে আমি গোলাপি শাড়ি পরা শুরু করি। কিন্তু দিদি কখনও অন্য রঙের শাড়ি পরতেন না।’’
ব্যক্তিগত জীবনে দুই বোনের সম্পর্কের কথা বলতে গিয়ে আশা বলেন, ‘‘কাজের ক্ষেত্রে আমরা প্রতিদ্বন্দ্বী হলেও ব্যক্তিগত জীবনে আমাদের মধ্যে গভীর মিল ছিল। দিদি বাড়িতে খুব সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু বাইরে বেরোলেই তিনি হয়ে যেতেন লতা মঙ্গেশকর, একজন আইকনিক গায়িকা।’’
আশা আরও জানান, বাড়িতে তারা মারাঠি ভাষায় কথা বলতেন, কিন্তু বাইরে হিন্দিতে কথা বলতেন। তাদের মধ্যে বাইরে তেমন কথা হতো না।
লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে প্রায় সাত দশক ধরে সঙ্গীতজগতে একের পর এক কালজয়ী গান উপহার দিয়েছেন। তাদের গান আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে এবং ভবিষ্যতেও থাকবে।