অনলাইন সংস্করণ
১৬:৩৪, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমার রইছ চরিত্রের অভিনেতা বিজয় চৌধুরী হাসপাতালে। হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে সাবিদ বিন আবু আজাদ চৌধুরী।
তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার আব্বু তার এক ভাগ্নের দাওয়াতে সিংগাইর গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর হঠাৎ করেই বুকে ব্যাথা শুরু হয়। এরপর আব্বুকে দ্রুত ঢাকায় নিয়ে আসা হয় এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হলে চিকিৎসকরা জানান, হার্ট অ্যাটাক করেছেন। এখন আব্বুকে পিসিসিইউতে রাখা হয়েছে।’
এদিকে অসুস্থ অভিনেতার জন্য দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা ইসলাম। তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।
সকলের কাছে আন্তরিকভাবে দোয়ার আবেদন রইল। আল্লাহ যেন আমার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘হাঙর নদী গ্রেনেড’ রইছ চরিত্রে দেখা গিয়েছিল বিজয়কে। একটি চরিত্রই বিজয়কে দর্শকের ঘরের মানুষ করে তুলেছে। ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম।