
সরকারি প্রণোদনার আওতায় বিনামূল্যে বিতরণ করা সার ও বীজ বিক্রি কিংবা অপব্যবহার করলে সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৮ হাজার ২০০ জন কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হবে। প্রত্যেক কৃষককে এক কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে ইউএনও ইশরাত জাহান বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার বিনামূল্যে সার ও বীজ সরবরাহ করছে। এসব উপকরণ বিক্রি করা কিংবা নির্ধারিত জমিতে চাষাবাদ না করে অন্য কোনোভাবে ব্যবহার করা হলে তা মেনে নেওয়া হবে না। প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের তালিকা অনুযায়ী সরেজমিন মাঠ পরিদর্শন করা হবে। এ সময় সংশ্লিষ্ট জমিতে সরিষার আবাদ হয়েছে কি না, তা যাচাই করা হবে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সফিউল আলম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম প্রমুখ।