
নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৩৪ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের হরিনগর ফেনারগাতি এলাকায় এ অভিযান চালানো হয়। ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক নাজমুল হকের নেতৃত্বে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশির সময় ১৭টি পোটলায় থাকা গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। জব্দ মালামালের মোট বাজারমূল্য ১৫ লাখ ৪৪ হাজার টাকা। আটকরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ভালুকবেড় গ্রামের মো. মনির উদ্দিন এবং কিশোরগঞ্জের ভৈরবের মিরারচর গ্রামের শাহ আলম। ডিএনসি জানায়, তাদের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।