
কুমিল্লায় চলতি মাসের গত ১১ দিনে জেলা ও ডিবি পুলিশের সাঁড়াশি অভিযানে দুই হাজার ৭৬৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে ১ হাজার ৬০৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ১ হাজার ১৫৯ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গত ১ নভেম্বর থেকে ১১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাই বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৮টি থানা এলাকায় জেলা পুলিশের সকল ইউনিট এবং ডিবি পুলিশ একযোগে এ অভিযান পরিচালনা করে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, এই অভিযানে কুমিল্লা মহানগরসহ প্রত্যেকটি উপজেলা এলাকার যেসব স্থানে উঠতি বয়সি কিশোর ও বখাটেদের উৎপাত রয়েছে এবং জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সকল স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।