ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

‎টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদ মন্ত্রী 

‎টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে: পানিসম্পদ মন্ত্রী 

টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নেয়ার উপর গুরুত্বারোপ করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, পানি শুধু জীবনের উৎসই নয়, এটি সমতা ও ন্যায্যতারও প্রতীক। তাই সকলের জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে দেয়, অপরদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়।

এ সময় ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

পানি নিয়ে সঠিক কর্মপরিকল্পনা ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয় ও সংস্থা প্রধানদের অনুরোধ জানান মন্ত্রী।

বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ শত কিলোমিটা এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

সঠিক তথ্য-উপাত্তের আলোকে জনস্বার্থ বিবেচনায় খাল খননের জন্য বাছাই করার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী।

পানিসম্পদ ব্যবস্থাপনা,কর্মপরিকল্পনা,পানিসম্পদ মন্ত্রী,শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত