
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন নির্বাচিত সরকার কৃষি ও কৃষককে দেশের অর্থনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে আয়োজিত পহেলা বৈশাখ ও নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পহেলা বৈশাখ উপলক্ষে সাংবাদিক সমাজ ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত এ সরকার নতুন উদ্দীপনায় দেশ গড়ার কাজ শুরু করেছে।
তিনি জানান, মোগল সম্রাটরা কৃষকদের ফসল উৎপাদন ও খাজনা আদায়ের সমন্বয়ের প্রয়োজনীয়তা থেকে বাংলা সনের প্রবর্তন করেছিলেন। সেই ঐতিহ্যকে ধারণ করে সরকার এ বছর পহেলা বৈশাখকে ‘কৃষক কার্ড’ বণ্টনের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন হিসেবে বেছে নিয়েছে।
জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী আজ টাঙ্গাইলে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড বিতরণের কর্মসূচি উদ্বোধন করেছেন। পঙ্গু অর্থনীতিকে পুনর্গঠন করে নিজ পায়ে দাঁড় করানোই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই আমাদের স্লোগান- ‘সবার আগে বাংলাদেশ’।
তিনি বলেন, সারাদেশের উৎসবের আমেজ প্রমাণ করে দেশে এখন একটি মুক্ত ও স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। আমরা এই নতুন সংস্কৃতি ও পরিবেশকে দেশের সমৃদ্ধির জন্য অব্যাহত রাখতে চাই।