
অর্ধযুগেরও বেশি সময় পর আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে এ বর্ধিত সভা শুরু হবে। দলের পক্ষ থেকে এটিকে ‘বিশেষ বর্ধিত সভা’ হিসেবে অভিহিত করা হচ্ছে।
সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা ছাড়াও জেলা, উপজেলা, বিভিন্ন মহানগরী ও মহানগরীর এলাকাধীন থানাগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আহুত এই বর্ধিত সভা দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় খুবই গুরুত্ববহ। এ বর্ধিত সভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ দলের সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে নানা কর্মপরিকল্পনা গ্রহণ এবং এসব বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হবে।
বিএনপি’র কেন্দ্রীয় এবং তৃণমূলের নেতারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনার অপেক্ষায় রয়েছেন।
দলের একাধিক সূত্রে জানা গেছে, পট পরিবর্তনের পর থেকেই বিএনপি’র সব ধরনের মনোযোগ রয়েছে জাতীয় নির্বাচন কেন্দ্রিক। আগামীকাল বৃহস্পতিবার দলের যে বর্ধিত সভা ডাকা হয়েছে, কার্যত সেখান থেকেই বিএনপি’র নির্বাচনমুখী যাত্রা শুরু হবে।
বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, দলের নেতাকর্মীদের বিশেষ বর্ধিত সভার সুনির্দিষ্ট এজেন্ডা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে নেতাকর্মীদের অনুমান, চলমান পরিস্থিতিতে বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল হয়তো না-ও হতে পারে। সেক্ষেত্রে দলের মহাসচিব, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিসহ গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত আসতে পারে বিশেষ বর্ধিত সভা থেকে।
আবা/এসআর/২৫