অনলাইন সংস্করণ
১০:০৭, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ প্রতীক্ষার পর এবার নির্বাচনে ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ৬০ ফিট মনিপুর বয়েজ হাইস্কুল ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘দেড় যুগ দেশবাসী কোনো ভোট দিতে পারে নাই আমিও পারি নাই। ২০১৪, ১৮, ২৪ সালে ভোটের সময় জেলেই ছিলাম। আজকে ভোট দেয়ার সুযোগ পেয়েছি, মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। এর মাধ্যমে আল্লাহ বাংলাদেশের নতুন সূচনা করে দিন।’
তিনি বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দেয়ার সুযোগ দেয়া হয়েছে। এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো। ভোট শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হোক আমরা তাই চাই। এর মাধ্যমে ১৮ কোটি মানুষের সরকার হোক এ দোয়া।’
তিনি আরও বলেন, ‘আজকের ভোটের জন্য অনেকেই বড় অপেক্ষায় ছিল এ ভোট সুষ্ঠু হোক শান্তিপূর্ণ হোক সন্ত্রাসমুক্ত হোক এবং সবার কাছে গ্রহণযোগ্য হোক এ দোয়া আমরা করি।’
জামায়াত আমির বলেন, ‘মিডিয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ এ ভোটে। কিছু মিডিয়ার প্রপাগাণ্ডা থেকে দূরে থাকতে হবে। জনগণকে বলবো অপপ্রচারে কান দেবেন না।’
তিনি বলেন, ‘সামনে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে একসঙ্গে সবাই চলবো।। ছোট খাটো কোনো ঘটনা ঘটলে আমরা মেনে নেবো, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে আমরা আমাদের সর্বোচ্চ করবো।’
জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান জামায়াত আমির।
তিনি বলেন, ‘এ সরকার হবে কোনো দলের নয় ১৮ কোটি মানুষের। আমরা জয়ের ব্যাপারে দোয়া আশাবাদী আপনারা আমাদের জন্য দোয়া করবেন। দেশ আমাদের সকলের এই দেশটা করতে হবে সকলে মিলে হাতে হাত মিলিয়ে।’
ভোট সুষ্ঠু হলে জামায়াত মেনে নেবে বলেও জানান শফিকুর রহমান।
তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হলে গ্রহণযোগ্য হলে সবাই এটা মানবে আমরা এটা মেনে নেব। সবার প্রতি আহ্বান যে যার ভোটকেন্দ্রে এসে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন দেশ দর্শনের গর্বিত অংশীদার হন।’
তিনি বলেন, ‘কেউ যদি অপরাধ করে থাকে সেটা আমি অপরাধের বিপক্ষে কিন্তু যেটা অপরাধ নয় সেটাকে জোর করে অপরাধ বানানো একটা অপরাধ।’