অনলাইন সংস্করণ
১৭:৫৪, ১৬ এপ্রিল, ২০২৬
অবৈধ গ্যাস ব্যবহার রোধে অভিযান জোরদার করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও পাইপ জব্দ করা হয়েছে।
গত (১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নয়াপুর বাজার ও সাদীপুর এলাকার দুটি স্থানে অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দুইটি চুনা কারখানার অবৈধ সংযোগ এবং প্রায় ২ হাজার ৩০০ আবাসিক ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় বিভিন্ন ব্যাসের ৯২ ফুট পাইপ জব্দ করা হয়, যার ফলে দৈনিক প্রায় ২ লাখ ৫৬ হাজার ৮০০ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।
একই দিনে কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে দুটি তার কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি প্রায় ২৪০ ফুট জিআই ও এমএস পাইপ জব্দ করা হয়েছে। এতে মাসিক প্রায় ১২ লাখ ২১ হাজার ৫৬৫ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কারখানার সংযোগগুলো মাটির ৬ থেকে ৭ ফুট নিচে মূল লাইনের সঙ্গে যুক্ত ছিল, যা বিচ্ছিন্ন করা হয়েছে।
এদিকে ময়মনসিংহের মুক্তাগাছা ও শম্ভুগঞ্জ এলাকাতেও অভিযান চালিয়ে ১১টি আবাসিক ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মেট্রো ঢাকা উত্তর এলাকায় অভিযোগের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানের অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সিস্টেম লস কমানো ও রাজস্ব আদায় বাড়াতে আরও অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে অবৈধ, অতিরিক্ত ব্যবহার ও বকেয়ার দায়ে মোট ৩৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যার মধ্যে ৩১৫টি ডাবল চুলা অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া সোনারগাঁও এলাকায় আরও ৭টি আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গাজীপুরের জয়দেবপুর অঞ্চলেও অভিযান চালিয়ে বকেয়া, অতিরিক্ত ব্যবহার ও অবৈধ সংযোগ মিলিয়ে ৬৪টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এতে প্রায় ১৩৬টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং প্রায় ১৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।