
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়া পাড়া (জোনাকি মোড়) এলাকায় গভীর রাতে রফিকুল ইসলাম নামে এক কৃষকের গোয়ালঘর থেকে ছয়টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানা গেছে। ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম জানান, তার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিল এই গরুগুলো। প্রতিদিনের সংসার খরচ, সন্তানদের পড়ালেখা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছুই নির্ভর করছিল গবাদিপশুর ওপর। কিন্তু এক রাতেই সবকিছু হারিয়ে তিনি ও তার পরিবার চরম অসহায় হয়ে পড়েছেন।
তিনি আরও জানান, প্রতিদিনের মতো গরুগুলো গোয়ালঘরে রেখে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। কিন্তু গত শনিবার রাতে দুর্বৃত্তরা কৌশলে গোয়ালঘরের তালা ভেঙে গরুগুলো চুরি করে নিয়ে যায়। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর খালি দেখে তিনি চুরির বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকায় গরু চুরির ঘটনা তীব্রভাবে বেড়েছে। তারা দ্রুত চোর চক্র শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে শ্রীপুর থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক।