ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৫ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ১৫ নেতা বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়ায় বিএনপি ৬জন এবং যুবদলের ৯জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার সকালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কার্যক্রমে জড়িত থাকায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আফজাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য উসমান খান, অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য মনোয়ার হোসেন, সরাইল সদর ইউনিয়নের সদস্য জাকির হোসেন ও মুকুল হোসেন, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন অর রশিদকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শুরু থেকে এই ছয় নেতা ব্যারিষ্টার রুমিন ফারহানার নির্বাচনি প্রচারণায় যুক্ত রয়েছেন।

সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর বলেন, বিষয়টি আমি শুনেছি। তারা দলীয়শৃঙ্খলা অনুযায়ী কাজ করছিলেন না বলে আমরা জানি।

অন্য দিকে গতকাল সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নূর আলমসহ ৯ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত অন্য নেতারা হলেন- উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুর রাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, সাবেক সদস্য আহাদ মিয়া, সরাইল উপজেলার সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান খান হিরু, কালীকচ্ছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শেখ আতাউর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাকিব হোসেন ও অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত