
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৯ জন প্রার্থীর মধ্যে সাতজনই জামানত হারিয়েছেন। আসনটিতে মোট প্রদত্ত ভোটের আটভাগের একভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনে চার লাখ ১৮ হাজার ১৫৮ জন ভোটারের মধ্যে দুই লাখ ৪০ হাজার ৯৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান এক লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এআর হাফিজ উল্যাহ ৭৩ হাজার ৭৫৬ ভোট পান। অপর সাত প্রার্থীর মধ্যে জেএসডি মনোনীত তারা প্রতীকের প্রার্থী তানিয়া রব ২২ হাজার ৪০ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা খালেদ সাইফুল্লাহ (প্রতীক-হাতপাখা) ২১ হাজার ১০৩ ভোট, বাসদের মিলন কৃষ্ণ মন্ডল (মই) ৪৪০ ভোট, গণঅধিকার পরিষদের রেদোয়ান উল্যাহ (ট্রাক) ২৫৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী শরাফ উদ্দিন আজাদ সোহেল (কাপ-পিরিচ) ৪১১ ভোট, নুরুল হুদা চৌধুরী (মোটরসাইকেল) ৪২২ ভোট ও আনম মঞ্জুর মোর্শেদ (ফুটবল) ৩৯৬ ভোট পেয়েছেন।