
সুনামগঞ্জের দিরাইয়ে বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রবাসীর নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে ধল পূর্ব আশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুর মিয়া (৪৫) উপজেলার তাড়ল ইউনিয়নের ধল পূর্ব আশ্রম গ্রামের মৃত সাদুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার একটি বিয়ের দাওয়াত দেওয়া-না দেওয়াকে কেন্দ্র করে ধল পূর্ব আশ্রম গ্রামের নিকটাত্মীয় আনহার মিয়া ও আঞ্জুর মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে গতকাল শনিবার আনহার মিয়ার পাশের কনের বাড়িতে বিয়ের মালামাল আনতে গেলে আঞ্জুর মিয়া প্রতিপক্ষের হামলার শিকার হন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি রানী তালুকদার জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।