
কুমিল্লার নাঙ্গলকোটে নির্মাণাধীন বিল্ডিং থেকে পড়ে মোস্তাফিজুর রহমান নামের এক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। গত রোববার সকালে হোমনাবাদ ডিগ্রি কলেজের সামনে নির্মাণাধীন বিল্ডিংয়ের ৪ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়।
মৃত মোস্তাফিজুর রহমান নিলফামারীর ডিমলার কাকরা বাজার গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি ওই বিল্ডিংয়ের নির্মাণশ্রমিক ছিলেন। জানা যায়, গত ১২ দিন আগে মোস্তাফিজসহ একই এলাকার ১০-১৫ জন নিলফামারী থেকে নাঙ্গলকোটে আসেন বিল্ডিং ঠিকাদার মোকাররমের কাজ করার জন্য। গত রোববার সকালে ঠিকাদারের হোমনাবাদ কলেজের সামনে ওসমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে গিয়ে কার্নিশের সেন্টারিং খোলার সময় কোনো প্রকার সেফটি না থাকায় ৪তলা থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। মোস্তাফিজের চাচাতো ভাই আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রাজ্জাক বলেন, ঠিকাদারের অবহেলা ও সেফটি না থাকার কারণে ৪তলা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি এর সঠিক বিচার দাবি করেন। বিল্ডিং মালিক ও ঠিকাদারকে ঘটনা স্থলে গিয়ে পাওয়া যায়নি।
নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।