
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভুয়া টিকা কার্ড ছাপিয়ে শিশুদের হাম, হেপাটাইটিস বি ভাইরাসসহ সব রোগ প্রতিরোধের টিকা দেওয়ার অভিযোগে এক নারীকে এক মাসের জেল দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন। গতকাল সোমবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ আদেশ দেওয়া হয়। দণ্ডাদেশপ্রাপ্ত আসামি আফরোজা বেগম উত্তর চাষাড়া রামবাবু পুকুরপাড় এলাকার মৃত আমিনুল হোসেনের কন্যা। এর আগে তল্লা নতুন বাড়ি পুড়া মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নকল টিকা কার্ড, হাম ও হেপাটাইটিস বি-ভাইরাস টিকা, সিরিজ ও ওজন মাপার মেশিন জব্দ করা হয়েছে। জানাগেছে, দীর্ঘদিন ধরে এই প্রতারক নারী ভূয়া টিকা কার্ড ছাপিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। সে বিভিন্ন এলাকায় সহজ সরল মানুষের কাছ থেকে অনুমোদনহীন হাম ও হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগের সত্যতা পাওয়া গেছে।