
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল না করায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে মুহাম্মদ কামরুল হাসান সভাপতি ও মৃধা নজরুল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার পদগুলোর বিপরীতে প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করেন দায়িত্বে থাকা নির্বাচন কমিশন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট কামরুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহ-সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির,যুগ্ম-সম্পাদক সেলিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, অর্থ-সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক-সম্পাদক মুনিরা আক্তার, লাইব্রেরি-সম্পাদক জয়নাল আবেদীন, অডিট-সম্পাদক এনামুল হক এনাম, সদস্য আনোয়ার হোসেন খান, লুৎফর রহমান ঢালী, মনোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার, তৌহিদুল ইসলাম। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, নির্বাচনে আমরা আইনজীবী ফোরামের সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করেছি। আমরা এই বিজয়ে খুশি। আমরা স্বচ্ছতা ও সততার সঙ্গে আইনজীবী সমিতির পুরো পরিষদ দায়িত্ব পালন করবো। এ ব্যাপারে দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির বলেন, সোমবার ছিল মনোনয়ন দাখিল ও চূড়ান্তকরণের তারিখ। দাখিল করা পদের বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের প্রাথমিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।