
আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার, জাহিদুল ইসলাম খান। গত মঙ্গলবার ভোরে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে আফজাল হোসেন (৪৭) নামে ওই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। আফজাল আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার ওয়াহিদুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আফজালের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি ওয়ান শুটারগান, ২ রাউন্ড রিভলবারের গুলি, একটি মোটরসাইকেল, একটি চাইনিজ কুড়াল এবং দুটি ধারালো ছুরি ও উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।