
নওগাঁর মান্দায় জেলার বাইরে সার নিয়ে যাওয়ার সময় ৪৫ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চক কালিকাপুর স্কুল মোড় এলাকায় থেকে এসব সার জব্দ করা হয়। মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম।
স্থানীয়রা জানান, দুইটি ব্যাটারি চালিত চার্জারভ্যানে করে ২৫ বস্তা ডিএপি ও ২০ বস্তা টিএসপি সার রাজশাহীর বাগমারা উপজেলার দামনাশ হাটে আমজাদ নামের এক ব্যবসায়ীর দোকানে নিয়ে যাওয়া হচ্ছিলো। তবে সারগুলো কোথায় থেকে নিয়ে আসা হচ্ছিলো সেই বিষযটি জানতেন না ভ্যানচালকরা। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দিলে প্রশাসন অভিযান চালিয়ে ৪৫ বস্তা সার জব্দ করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি জেলার নিয়ামতপুর উপজেলা থেকে দুটি ভ্যানে ৪৫ বস্তা সার জেলার বাইরে রাজশাহীর বাগমারা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ বস্তা সরকারি সার জব্দ করা হয়। তিনি আরও বলেন, জব্দ করা সার কৃষি অফিসে রাখা হয়েছে। এসব সার কৃষকদের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।