
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার’ নামে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল থাকার পরেও বিক্রি বন্ধ করে দেওয়ায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত ওই পাম্পে অভিযান চালিয়ে জ্বালানি তেল মজুত রেখে কৃত্রিম সংকট তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির মুন্সী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ সাধারণ গ্রাহকদের কাছে জ্বালানি তেল বিক্রি বন্ধ রেখেছিল। তবে প্রশাসনের পক্ষ থেকে স্টোরেজ যাচাই করা হলে সেখানে ৩ হাজার ২৬৯ লিটার পেট্রোল মজুতের প্রমাণ পাওয়া যায়।
পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও জনভোগান্তি সৃষ্টি করে বিক্রয় কার্যক্রম বন্ধ রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা মোতাবেক ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একইসঙ্গে মজুতকৃত পেট্রোল সাধারণ গ্রাহকদের কাছে বিক্রির নির্দেশ দিয়ে পুনরায় বিক্রয় কার্যক্রম শুরু করানো হয়।