ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

গতকাল বুধবার সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ২ দিনব্যাপী দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

বেলুন-ফেস্টুন ও ফিতা কেটে (৪৭তম বিজ্ঞান মেলা, দশম বিজ্ঞানবিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার) এর উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, আমরা বিজ্ঞান মেলা দেখি, কিন্তু বিজ্ঞানকে গভীরভাবে বোঝার চেষ্টা করি না। অথচ এই মেলাগুলোর ক্ষুদে বিজ্ঞানীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ দিলে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য বড় অবদান রাখতে সক্ষম হবে। নতুন প্রজন্ম প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে গেছে। তারা প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন করছে। এই প্রতিভাবান শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচর্যা ও দিকনির্দেশনা দিতে পারলে দেশ উন্নয়নের পথে আরও দ্রুত এগিয়ে যাবে। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করতে হবে। বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীর ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাকে খুঁজে বের করে তা বিকাশে সহায়তা করাই একজন শিক্ষকের প্রধান দায়িত্ব। ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

মেলায় দিনাজপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগ স্টলে অংশ নেয়। মেলা উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টলগুলো ঘুরে দেখেন এবং স্টলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়। এছাড়াও শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় ও উদ্বোধনী সংগীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত