ঢাকা রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

শিশু ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

শিশু ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার

নওগাঁর বদলগাছীতে খাবারের প্রলোভন দিয়ে শিশু ধর্ষক অভিযুক্ত প্রতিবেশী দাদা আব্দুস সাত্তার সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযুক্তকে বাদলগাছী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কোলা ইউনিয়নের হুদ্রাকুড়ি গ্রামের মৃত কাদির উদ্দিন সরদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল বিকালে নওগাঁর বদলগাছী উপজেলায় ১০ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণ এবং ৮ বছর বয়সী অপর এক শিশুকে ধর্ষণ চেষ্টা অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বাবা। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগে বলা হয়, প্রতিবেশী বৃদ্ধ আব্দুস সাত্তার বিস্কুট ও আইসক্রিম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে কিছুদিন পূর্বে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ওই শিশু (১০) এবং তার খেলার সঙ্গী (৮) অপর এক শিশুকে নিজের পরিত্যক্ত মাটির ঘরে নিয়ে যান। সেখানে তিনি বড় শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এবং ছোট শিশুটির ধর্ষণের চেষ্টা করেন। বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, এজাহার নথিভুক্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত