
কুমিল্লার চান্দিনা উপজেলার বাতাঘাসি ইউনিয়নের পরচঙ্গা গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সামে দরগার উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী ফয়সাল জানান, গভীর রাতে হঠাৎ একদল সশস্ত্র ডাকাত তার বাড়িতে প্রবেশ করে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা, আড়াই থেকে তিন ভরি ওজনের স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন (একটি আইফোনসহ) লুট করে। সবকিছু হাতিয়ে নেওয়ার পর ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশকে খবর দিলে চান্দিনা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। অভিযানের অংশ হিসেবে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে মো. আল-আমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্তে একজনকে আটক করা হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে এবং তাদের গ্রেপ্তার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।