
রাঙামাটি শহরের রূপনগর এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের পুনর্বাসন ছাড়া উচ্ছেদের প্রচেষ্টার প্রতিবাদে এবং স্থায়ী সমাধানের দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রূপনগর এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্বেগ, ক্ষোভ ও দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রূপনগর এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ কয়েক দশক ধরে তারা ওই এলাকায় বসবাস করে আসছেন। এই এলাকা শুধু তাদের বসবাসের স্থান নয়, বরং পূর্বপুরুষের স্মৃতি ও জীবিকা নির্বাহের প্রধান কেন্দ্র। তবে সম্প্রতি কোনো কার্যকর পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে, যা তাদের জীবনে চরম অনিশ্চয়তা তৈরি করেছে।
বক্তারা বলেন, হঠাৎ উচ্ছেদ কার্যক্রম শুরু হলে শত শত নারী, শিশু ও বৃদ্ধ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হবে। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে এবং শ্রমজীবী মানুষের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া পুনর্বাসন ছাড়া উচ্ছেদ সংবিধান স্বীকৃত মৌলিক অধিকারের পরিপন্থী বলেও তারা উল্লেখ করেন। সংবাদ সম্মেলন থেকে এলাকাবাসী কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম বন্ধ রাখা, প্রতিটি পরিবারকে সম্মানজনক পুনর্বাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করা, দীর্ঘদিন বসবাসকারীদের জন্য স্থায়ী লিজ বা আইনি বন্দোবস্ত প্রদান এবং প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে মানবিক সমাধানে পৌঁছানো। সংবাদ সম্মেলনে রূপনগর এলাকাবাসীর পক্ষে হাবিবুর রহমান হবি ও আব্দুল হালিম বক্তব্য দেন।