ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের জরিমানা

অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের জরিমানা

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীতে অটোযোগে প্লাস্টিকের বড় জারে অবৈধভাবে পেট্রোল বহন করার সময় ২ ব্যক্তিকে আটক করা হয়। গতকাল মঙ্গলবার আটক দুজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ডাদেশ প্রদান করেন বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান উল হক। জানা যায়, গত সোমবার মধ্যরাতে বালিয়াডাঙ্গী সমির উদ্দিন স্মৃতি কলেজ মোড় হতে ৮টি প্লাস্টিকের জারে আনুমানিক ২০০ লিটার পেট্রোল অবৈধভাবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি।

গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ অটোটিকে আটক করে দেখতে পায় অটোতে করে প্লাস্টিকের ৭/৮টি বড় জারে করে পেট্রোল অবৈধভাবে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে। বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান উল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে পেট্রোল বিক্রির উদ্দেশে বহন করার অপরাধে বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারী নয়াপাড়া গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার সহযোগী উপজেলার রত্নাই বগুলাবাড়ী গ্রামের আ. কাদেরের ছেলে জাহিরুল ইসলামকে একই ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক বালিয়াডাঙ্গী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহসান উল হক দুইজনের অর্থদণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে অর্থ সরকারি কষাগারে জমা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত