
ঢাকার সাভারে ট্রাকসহ খাদ্য অধিদপ্তরের ৩৬১ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নিয়মিত তল্লাশি কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাটুরিয়াগামী লেনে সাভারের পাকিজার মোড় এলাকায় পুলিশ তল্লাশির জন্য একটি ট্রাককে সিগনাল দেয়।
তল্লাশি চালানোর সময় ট্রাকের ভেতরে ৩০ কেজি ওজনের ৩৬১ বস্তা চাল পাওয়া যায়। চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের নাম লেখা রয়েছে দেখে পুলিশ তাদের কাছে চালের চালান এবং বৈধ কাগজপত্র দেখতে চায়। এসময় ট্রাকের চালকসহ অন্যরা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কাগজপত্র না পেয়ে চালভর্তি ট্রাকসহ তিনজনকে থানায় নিয়ে যায় পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নিয়ামত বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় খাদ্য অধিদপ্তরের চালসহ ট্রাক আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে আটক করা চাল ফরিদপুরের ভাঙ্গায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। এ ঘটনায় কারা জড়িত রয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।