
নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় এক গার্মেন্টসকর্মী গৃহবধূকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে তার স্বামী মাশরাফি ইসলাম পিয়েলকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুর জেলার সদর থানার সালনা বাজার এলাকা থেকে র্যাব-১৪ সদর কোম্পানি ও র্যাব-১ এর একটি যৌথ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। র্যাব সূত্রে জানা যায়, নিহত গৃহবধূ ও আসামি মাশরাফি ইসলাম পিয়েল গার্মেন্টসে কাজ করার সুবাদে একে অন্যের সঙ্গে পরিচিত হন।
একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে শারীরিক সম্পর্কের সূত্র ধরে ভিকটিম বিয়ের জন্য চাপ দেন। প্রথমে বিয়েতে অস্বীকৃতি জানালেও পারিবারিক ও সামাজিক চাপের মুখে পিয়েল ভিকটিমকে বিয়ে করতে বাধ্য হন। তবে বিয়ের পর থেকেই স্ত্রীর প্রতি তার ক্ষোভ ছিল বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যায় আসামি ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে ইফতারের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ভিকটিমকে খাওয়ানোর চেষ্টা করে।
ভিকটিম বিষয়টি টের পেয়ে খাবার খেতে অস্বীকৃতি জানালে তাকে কাঠের রুল দিয়ে মাথায় আঘাত করা হয় এবং মারধর করে জোরপূর্বক বিষাক্ত খাবার খাওয়ানো হয়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ভিকটিমের স্বজনরা হাসপাতালে পৌঁছালে আসামিরা লাশ ফেলে পালিয়ে যায়।