
কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, তাস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মানিকারচর বাজারসংলগ্ন শিকিরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেঘনা থানা পুলিশ। গতকাল বুধবার মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাতেনের বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৮ জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আ. বাতেন (৫১), হেলাল উদ্দিন ওরফে হেলাইন্না (৪৭), মোঃ নাইম (৫১), জসিম উদ্দিন (৫০), আলমগীর (৪২), ডালিম মিয়া (৪৫), শাহিন মিয়া (৩২) ও জালাল মিয়া (৪৮)। তারা সবাই মানিকারচর ইউনিয়ন এলাকার বাসিন্দা। অভিযানকালে জব্দ করা হয় ১০৭টি খোলা তাস, ৩ বান্ডিল নতুন তাস, নগদ ৪৬ হাজার ৬০ টাকা এবং ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মেঘনা থানায় মামলা করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন মামলা রয়েছে। বিশেষ করে হেলাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মারামারি, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া আ. বাতেন, শাহিন মিয়া ও অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।