
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হাসান ও আজাহারুল ইসলামের ওপর ছাত্রদল নেতার অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ বিক্ষোভ হয়েছে।
অভিযুক্ত ছাত্রদল নেতা হলেন হাসিবুল ইসলাম হাসিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিমি এর আগেও দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ছাত্রদল থেকে বহিষ্কৃত হয়েছিল। মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী হাসান বলেন, চারুকলা এলাকায় একজন গার্ড রয়েছে এবং সেখানে কিছু বহিরাগত ঢুকে প্রায়ই ঘোরাফেরা করতে আসা দর্শনার্থীদের হেনস্থা করে। এর ধারাবাহিকতায় আমাদের এক ভাই গত মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে ঘুরতে গেলে তাকে আটকিয়ে হেনস্থা করা হয়। এ সময় ছাত্রদল নেতা হাসিব তার কাছে টাকা দাবি করে। আমাদের ওই ভাই প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়।