
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার বিকালে চবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় চবি কেন্দ্রীয় মন্দির কতৃপক্ষ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ, অধ্যাপক ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী, অধ্যাপক ড. শিপক কৃষ্ণ দেবনাথ, অধ্যাপক ড. সুজন দে ও শিক্ষার্থী প্রতিনিধি অপি বিশ্বাস।
এ সময় লিখিত বক্তব্যে অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য একটি স্থায়ী উপাসনালয়ের দাবি ছিল। ২০১২ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে সিন্ডিকেটের অনুমোদনের ভিত্তিতে উত্তর ক্যাম্পাসে জায়গা বরাদ্দ দেয়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে স্থানটি প্রস্তুত করা হয়। পরে চট্টগ্রামের অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে নির্মিত হয় আধুনিক স্থাপত্যশৈলীর এই ‘সরস্বতী জ্ঞান মন্দির’; যেটি এখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সকাল ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোকান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএম আব্দুস সালামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিথি হিসেবে থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী।