ঢাকা শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে জলাশয়

দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে জলাশয়

সিরাজগঞ্জের নদী, খাল, বিল খননের অভাবে মরা নদীতে পরিণত হয়েছে। অনেক নদীনালা খালবিলের তীরে বাঁধ, অবৈধ দখলসহ বিভিন্ন কারণে কমছে গভীরতা। এতে পানির স্বাভাবিক প্রবাহসহ মাছ ও বিভিন্ন জলজ প্রাণীর আবাস্থল হ্রাস পেয়েছে। আর হুমকির মুখে পড়েছে অর্থনীতি ও জীববৈচিত্র্য। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত বড়াল নদী। এ বড়াল নদী কাটাখালী নামে পরিচিত। একসময় এ কাটাখালী দিয়ে লঞ্চ, জাহাজ ও নৌকা চলাচল করতো। এ নৌযানে সে সময় ব্যবসা চলতো সিরাজগঞ্জ টু কলকাতা। সিরাজগঞ্জের যমুনার বাঐতারা সুইচ গেট থেকে উৎপত্তি হয়ে পৌর এলাকার রহমতগঞ্জ পতিতমুখে নদী দখলে এখন সরু হয়ে খালে রুপান্তরিত।

বিগত সময়ে পৌর কর্তৃপক্ষ দফায় দফায় এই খালের উপর কোটি কোটি টাকার প্রকল্প গ্রহণ করলেও কোনো সুফল হয়নি। এমন চিত্র এ জেলার যমুনা, বাঙ্গালী, ইছামতী, করতোয়া, ফুলজোড়, বেসানী, ভাদাই, মানস, হুরাসাগর, কালুদাহা, জলজপিয়া, গোহালা, বান্নী, দুর্গাদহ, বড়াল, স্বরসতী, কাটাগাং, কুঠিবাড়ি, আড়দহ, ঝবঝবে, বিল সুর্য, কবিলয়া, মুক্তাহার, শালিখা, দইভাঙ্গা ও বানিয়াজানসহ ২৭টি নদ-নদীর। এ সব নদীর দৈর্ঘ্য প্রায় ৬০৫ কিলোমিটার। খাল বিল রয়েছে ৩০৩টি। এরমধ্যে খননের অভাবে ১১০টি মরা খালে পরিণত হয়েছে বলে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়। স্থানীয়রা বলছেন, আগে নদীতে অনেক পানি থাকত। গরু গোসল, ধোয়া-কাচার কাজ করতাম, এখন একটুও পানি থাকে না। যে যেমন পারছে, দখল করে আবাদ বসত করছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক মোল্লা বলেন, নদী পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রথমেই উৎসমুখে নির্মিত বাঁধ অপসারণ করতে হবে। নদ নদী ও খাল বিলের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হলে সমন্বিত উদ্যোগ নিতে হবে। সেইসঙ্গে যমুনা নদী থেকে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন বন্ধ করতে হবে।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার খাল খনন কার্যক্রম এরইমধ্যে শুরু করেছে। এ খননের মাধ্যমে পুনরুজ্জীবিত করলে কৃষিবিপ্লবসহ জীববৈচিত্র্য ও অর্থনীতি বাড়বে। জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, মরা খালগুলো পতিত থাকায় স্থানীয়রা চাষাবাদ করছে। পরিবেশ রক্ষা ও জলবায়ু সহিষ্ণুতা অর্জনে সরকার সারাদেশে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে। এ কারণে এ জেলার সব খালগুলোর হালনাগাদ তথ্য নদনদী ও খালবিলের প্রবাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত