
আশুলিয়ায় ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নঈম জং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় জড়িত অন্য আসামি লোকমান পলাতক রয়েছেন। দুজনই বাংলাদেশ বেতারের আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনির তৃতীয় শ্রেণির কর্মচারী বলে জানিয়েছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার নঈম জংকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে ভোররাতে তাকে কবিরপুর রেডিও কলোনি এলাকা থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। পুলিশ জানায়, গত বুধবার সকালে আশুলিয়ার কবিরপুর রেডিও কলোনিতে অনুপ্রবেশের অভিযোগ তুলে স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে আটক করে লাঠি দিয়ে মারধর করেন নঈম জং ও লোকমান। পরে গুরুতর আহত অবস্থায় শিক্ষার্থীর স্বজনরা তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে নঈম জংকে গ্রেপ্তার করে।